ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর উদ্যোগে আয়োজিত ভিশন ২০২৮-এ রবিবার উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুশীলনের ফাঁকে তিনি ক্যাম্পে অংশ নেওয়া ক্রিকেটারদের খেলা মন দিয়ে পর্যবেক্ষণ করেন এবং তাঁদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। পাশাপাশি কোচদের সঙ্গেও মতবিনিময় করে নিজের ক্রিকেটজীবনের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ ভাগ করে নেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়। ছেলেদের উৎসাহ দিয়ে তিনি বলেন , “বাংলার ছেলেদের মধ্যে প্রতিভা আছে, সেটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। এখন দরকার ঠিকভাবে নিজেদের তৈরি করা। অনুশীলনের কোনও বিকল্প নেই। ভুল হবে, খারাপ সময়ও আসবে, কিন্তু তাতেই থেমে গেলে চলবে না। নিজেদের ওপর বিশ্বাস রেখে পরিশ্রম করে গেলে সুযোগ একদিন অবশ্যই আসবে।”তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর জোর দেন। তাঁর মতে, প্রতিভার পাশাপাশি নিয়মিত অনুশীলন ও মানসিক দৃঢ়তাই একজন ক্রিকেটারকে বড় মঞ্চে সফল করে তোলে। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, উৎপল চ্যাটার্জি, লক্ষ্মীরতন শুক্লা, অনুষ্টুপ মজুমদার-সহ রাজ্যের বিভিন্ন স্তরের কোচেরা।
সিনিয়র বাংলা দলের কোচলক্ষ্মীরতন শুক্লা বলেন, “ভিশন ২০২৮ শুধুমাত্র একটি ক্যাম্প নয়, ভবিষ্যতের বাংলা দল গড়ে তোলার একটি বড় উদ্যোগ। সৌরভের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে ছেলেরা সরাসরি শেখার সুযোগ পাচ্ছে, এটা ওদের কাছে বিশাল প্রাপ্তি। আমরা চাই এখান থেকেই আগামী দিনের বাংলা ও ভারতের ক্রিকেটার উঠে আসুক।” বাংলা দলের অনূর্ধ্ব ১৬ কোচ অনুষ্টুপ মজুমদার বলেন, “ছেলেদের মধ্যে শেখার আগ্রহ চোখে পড়ার মতো। এমন পরিবেশে অনুশীলন করলে ওদের আত্মবিশ্বাস অনেক বাড়বে। সৌরভদার অভিজ্ঞতা ও পরামর্শ ওদের ক্রিকেটজীবনে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা সবাই মিলে ওদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সিএবি ভিশন ২০২৮ প্রকল্পের মূল লক্ষ্য আগামী কয়েক বছরে বাংলার ক্রিকেটের শক্ত ভিত তৈরি করা এবং প্রতিভাবান ক্রিকেটারদের পরিকল্পিতভাবে গড়ে তোলা। সেই লক্ষ্যেই অভিজ্ঞ ক্রিকেটার ও কোচদের তত্ত্বাবধানে এই ক্যাম্পে নিয়মিত প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

