২৬ দিনের অনশন ভাঙার কথা জানালেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি : কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ২৬ দিনের অনশন ভাঙলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

ওয়াংচুক জানান, “এইমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ২৬ দিন পর আমি অনশন ভাঙলাম।”

তিনি আরও জানান, এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সাংসদ তাঁকে অনশন ভাঙার আবেদন জানিয়েছিলেন। দেশে সম্ভাব্য হিংসার আশঙ্কার কথা মাথায় রেখে বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কী কী শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা শীঘ্রই একটি পৃথক ভিডিওতে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ওয়াংচুক।

অনশন ভাঙার পরই দেশবাসীর উদ্দেশে হিংসা থেকে দূরে থাকার আবেদন জানান তিনি। ওয়াংচুক বলেন, “এর মধ্যে আমি আপনাদের সকলকে সর্বত্র কোনও ধরনের হিংসা হতে না দেওয়ার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার আবেদন জানাচ্ছি।”

উল্লেখ্য, লাদাখের বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে অনশন করছিলেন সোনম ওয়াংচুক। ২১ জুলাই তাঁকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার মধ্যরাতে ২৬ দিনের মাথায় তাঁর অনশন শেষ হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 8 =