বেআইনি নির্মাণে চলল শিলিগুড়ি পুরনিগমের বুলডোজার

শিলিগুড়ি : শিলিগুড়ির সন্তোষীনগর এলাকায় বেআইনিভাবে তৈরি হওয়া একটি তিন তলা বাড়ি শনিবার বুলডোজার চালিয়ে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুরনিগম। আদালতের নির্দেশের পরেই এই পদক্ষেপ গ্রহণ করেছে পুর প্রশাসন।

পুরনিগম সূত্রে জানা গেছে, শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগর ১ নম্বর গলিতে অনুমোদিত নকশা (প্ল্যান) ছাড়াই তিন তলা ভবনটি তৈরি করা হয়েছিল। এই নির্মাণের বিরুদ্ধে পুরনিগমের পক্ষ থেকে একাধিকবার নোটিশ জারি করা হলেও অভিযোগ, সেই নির্দেশকে পুরোপুরি উপেক্ষা করা হচ্ছিল।

এর আগেও ড্রেনের ওপর করা ওই নির্মাণের একটি অংশ ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কাজ বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় পুরনিগম।

আদালতের নির্দেশ পাওয়ার পর শনিবার বুলডোজারের সাহায্যে সুরেন্দ্র সাহানি নামে এক ব্যক্তির ওই অবৈধ বহুতলটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। পুরনিগমের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অনুমতি ছাড়া নির্মাণ এবং সরকারি জায়গায় অবৈধ দখলের বিরুদ্ধে ভবিষ্যতেও এই ধরনের কঠোর পদক্ষেপ জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =