পুলকরঞ্জন চক্রবর্তী
করোনাভাইরাস এবং নিপা ভাইরাসের আতঙ্কের পর বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানীদের কপালে নতুন চিন্তার ভাঁজ ফেলেছে একটি নতুন ব্যাকটেরিয়াজনিত রোগ যার নাম ‘শিগেলোসিস’ (Shigellosis)। যে ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগটি ছড়িয়েছে তার নাম শিগেলা।
মে মাসের প্রথম সপ্তাহেই কেরলে ষোল বছরের এক কিশোরীর আকস্মিক মৃত্যু শিগেলা সংক্রমণকারী ব্যকটেরিয়া সম্পর্কে নতুন করে ভাবনা চিন্তার জন্ম দেয়। এর মধ্যেই কেরলে শিগেলা সংক্রমণে মোট তিনজনের সংখ্যা মৃত্যু হয়েছে যার মধ্যে কোঝিকোডের একটি পাঁচ বছরের কম বয়সী শিশুও রয়েছে। সবচেয়ে আতঙ্কের কারন হলো রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। কেরালাতে অবশ্য এই ব্যাকটেরিয়ার সংক্রমণ নতুন নয়। ২০০৯ সালেও সেখানে তিনশোরও বেশি মানুষ খাদ্যবাহিত শিগেলা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। ২০২০ সালের ডিসেম্বর মাসেও এই রোগের প্রাদুর্ভাবে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিল ।
কেরালায় শিগেলা নতুন করে দেখা দিলেও ব্যাকটেরিয়াটি নতুন নয়। এই গ্রাম-নেগেটিভ, সংক্রামক ব্যাকটেরিয়ার কারণে প্রতি বছর বিশ্বে লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হয়ে থাকেন। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর প্রায় ৪৫০,০০০ মানুষ শিগেলা দ্বারা সংক্রমিত হয়। এই ব্যাকটেরিয়ার সংক্রমণে দ্রুত মৃত্যুর ঘটনা একে জনস্বাস্থ্যের জন্য এক নতুন ‘মৃত্যু দূত’ হিসেবে দাঁড় করিয়েছে। মূলত দূষিত জল ও বাসি-পচা খাবারের হাত ধরে এই অদৃশ্য মরণফাঁদ ছড়িয়ে পড়ছে মানবদেহে।
শিগেলা হলো একটি অত্যন্ত সংক্রামক ব্যাকটেরিয়া, যেটি মানুষের পরিপাকতন্ত্র এবং অন্ত্রে তীব্র আক্রমণ চালায়। শিগেলার চারটি প্রজাতি রয়েছে -শিগেলা সোনাই,শিগেলা ফ্লেক্সনেরি,শিগেলা বয়েডাই এবং শিগেলা ডিসেন্টেরিয়া। এদের মধ্যে শিগেলা ডিসেন্টেরিয়া সবচেয়ে বেশী প্রাণঘাতক।
চিকিৎসা বিজ্ঞানীদের মতে, সাধারণ ব্যাকটেরিয়ার চেয়ে এটি অনেক বেশি বিপজ্জনক কারণ শরীরে রোগ ছড়ানোর জন্য এর খুব সামান্য পরিমাণের (মাত্র ১০ থেকে ১০০টি জীবাণু) উপস্থিতিই যথেষ্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ডায়ারিয়াজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণই হলো এই শিগেলা। যদিও যেকোনো বয়সের মানুষই এই ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হতে পারেন, তবে ৫ বছরের কম বয়সী শিশু এবং বয়স্ক ব্যক্তিরা এই রোগের সবচেয়ে বড় শিকার। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এবং দ্রুত শরীর জলশূন্য হয়ে পড়ায় এটি তাদের জন্য দ্রুত প্রাণঘাতী রূপ নেয়। বড়দের চেয়ে শিশুদের শরীরে কোষের বাইরের জলীয় পদার্থ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড বেশি থাকে। ফলে ডায়রিয়া হলে সহজেই তাদের শরীর জলশূন্য হয়ে পড়ে। শিগেলার কিছু প্রজাতি (যেমন Shigella dysenteriae) এক ধরণের তীব্র টক্সিন বা বিষ তৈরি করে। এটি শিশুদের লোহিত রক্তকণিকা ধ্বংস করে দেয় এবং হঠাৎ কিডনি বিকল করে দিতে পারে। একইভাবে প্রবীণদের ক্ষেত্রেও বয়সজনিত নানা শারীরিক সমস্যার কারণে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ মারাত্মক হতে পারে।
চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন শিগেলা মূলত ‘ফিকাল-ওরাল’ বা মল-মুখের মাধ্যমে ছড়ায়।
নর্দমা বা সেপটিক ট্যাংকের নোংরা জল কোনোভাবে পানীয় জলের উৎসের সাথে মিশে গেলে বা বাসি, পচা বা খোলা খাবার এবং সঠিকভাবে না ধুয়ে কাঁচা ফলমূল খেলে এই ব্যাকটেরিয়া সহজেই সংক্রমিত হয়। অসুস্থ ব্যক্তির সাথে যৌন মিলনের মাধ্যমেও শিগেলার সংক্রমণ ঘটতে পারে।
শিগেলা সংক্রমণের সবচেয়ে বড় বিপদ হল জলশূন্যতা। ঘন ঘন পাতলা পায়খানা ও বমির কারণে শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যায়। ফলে মাথা ঘোরা, দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়া, এমনকি গুরুতর ক্ষেত্রে অঙ্গ বিকল হওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে। শিগেলা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার ১ থেকে ৪ দিনের মধ্যেই সাধারণত এর লক্ষণগুলো প্রকাশ পায়। পেটের ভেতরে প্রচণ্ড মোচড় দিয়ে ব্যথা শুরু হয়। ক্রমাগত তীব্র ডায়রিয়া এবং মলের সঙ্গে রক্ত ও শ্লেষ্মা নির্গমন হতে থাকে, কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং বমি বমি ভাব বা বমি হওয়া হতে থাকে। ডায়ারিয়া ও বমির কারণে শরীর থেকে দ্রুত জল ও লবণ বেরিয়ে গিয়ে মারাত্মক জলশূন্যতা তৈরি হয়। জ্বর, রক্তমিশ্রিত পায়খানা, প্রবল দুর্বলতা বা জলশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এখনও পর্যন্ত শিগেলার কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় সচেতনতাই এই সংক্রমণের হাত থেকে বাঁচার একমাত্র পথ বলে মনে করছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। খাবার খাওয়ার আগে ও খাবার তৈরির সময় এবং শৌচাগার ব্যবহারের পর অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলেছেন তারা। এর সাথে বাসি-পচা ও বাইরের খোলা খাবার পুরোপুরি বর্জন করতে হবে। পান করার সময়ে এবং রান্নার কাজে সবসময় ফুটিয়ে ঠাণ্ডা করা জল বা বিশুদ্ধ ফিল্টারের জল ব্যবহার নিশ্চিত করতে হবে।মাছি শিগেলার জীবাণু বহনের অন্যতম বড় মাধ্যম। তাই রান্না করা খাবার সবসময় ঢেকে রাখতে হবে। নখের ভেতরের ময়লা থেকেও সহজেই এই জীবাণু পেটে চলে যায়, তাই নিয়মিত নখ কাটার অভ্যাস বজায় রাখা প্রয়োজন।
বর্তমানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (Drug-Resistant) শিগেলা স্ট্রেনের উত্থান এই স্বাস্থ্যঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। তাই রোগলক্ষণ দেখা দেওয়া মাত্রই নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শরীরকে জলশূন্যতা থেকে রক্ষা করা অত্যন্ত জরুরি। তবে প্রতিকারের চেয়ে প্রতিরোধই এখানে শ্রেষ্ঠ উপায়। নিরাপদ পানীয় জলের ব্যবহার, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং সাবান দিয়ে হাত ধোয়ার মতো সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমেই এই মারাত্মক সংক্রমণ থেকে নিজেকে এবং পরিবারকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরাও।

