কলকাতা : শপথগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দায়িত্বভার গ্রহণের পরেই তাঁর ব্যক্তিগত সচিব (পিএস) এবং উপদেষ্টার নাম ঘোষণা করা হলো। দক্ষ ও অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে নিজের কোর টিম সাজাতে শুরু করেছেন নতুন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হলেন আইএএস শান্তনু বালা। ২০১৭ ব্যাচের এই তরুণ তুর্কি আধিকারিক এর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক পদে কর্মরত ছিলেন। এছাড়া কোচবিহার ও মুর্শিদাবাদ জেলাতেও এডিএম হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। শান্তনু বালার প্রশাসনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক স্তরে বড় চমক হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুব্রত বাবু। গত বছরের অক্টোবরে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজে তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল নির্বাচন কমিশন। পরে তাঁকে নির্বাচনের বিশেষ পর্যবেক্ষকও করা হয়। এবার সেই অভিজ্ঞ আধিকারিককেই নিজের পরামর্শদাতা হিসেবে বেছে নিলেন শুভেন্দু অধিকারী।
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আসবে কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা চলছে। বর্তমানে রাজ্যের মুখ্যসচিব পদে রয়েছেন দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্রসচিব পদে সঙ্ঘমিত্রা ঘোষ। তবে এই পদগুলোতে রদবদল নিয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
সূত্রের খবর, আগামী শুক্রবার প্রথমবারের মতো নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিনই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেই রাজ্যের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং পরবর্তী বড় প্রশাসনিক ঘোষণাগুলো আসতে পারে বলে মনে করা হচ্ছে।

