সোমবার পর্যন্ত মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন

নয়াদিল্লি : বিরোধীদের ক্রমাগত বিশৃঙ্খলা ও স্লোগানের জেরে শুক্রবার মুলতুবি করে দেওয়া হলো সংসদের দুই কক্ষের অধিবেশন| লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়।

এদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বিরোধীদের প্রতিবাদ প্রসঙ্গে বলেন, বিরোধীরা সকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে স্লোগান দিচ্ছেন| অথচ স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন সংসদে উপস্থিত থাকেন। তিনি বলেন, সংসদে যে মন্ত্রকের কাজকর্ম থাকে, সেই মন্ত্রকের মন্ত্রীই তার উত্তর দেন এবং কোন মন্ত্রী কখন সংসদে আসবেন তা বিরোধীরা ঠিক করবে না। তিনি অভিযোগ করেন, বিরোধীরা কেবল স্লোগান দিয়ে সংসদের কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছেন।

অধ্যক্ষের আসনে আসীন দিলীপ সাইকিয়া বিরোধীদের এই ধরনের মনোভাবের তীব্র বিরোধিতা করে বলেন, পোস্টার-ব্যানার নিয়ে সংসদের কাজে বাধা দেওয়া গণতান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এরপর তিনি লোকসভার অধিবেশন সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন।

অন্যদিকে, রাজ্যসভাতেও বিরোধীদের হট্টগোলের জেরে শুক্রবার অধিবেশন প্রথমে দুপুর ১২টা পর্যন্ত স্থগিত রাখা হয়। পুনরায় বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বে বিরোধীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে স্লোগান দিতে থাকেন।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সকাল থেকে গভীর রাত পর্যন্ত সংসদেই থাকেন এবং কার্যসূচি অনুসারেই সভা পরিচালিত হয়। এদিন ক্রমাগত বিশৃঙ্খলার কারণে রাজ্যসভার চেয়ারম্যান উচ্চকক্ষের অধিবেশন সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =