আরজি কর কাণ্ড: মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি মন্ত্রী অগ্নিমিত্রা পালের

কলকাতা : ২০২৪ সালের আগস্টে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে তরুণী জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ‘বড় চক্রান্তের’ অভিযোগ তুলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, পীরিত চিকিৎসকের মৃতদেহ তড়িঘড়ি সত্কার করার নেপথ্যে ছিল এক গভীর চক্রান্ত। এই ষড়যন্ত্রে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চিফ হুইপ নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এবং পীড়িত পরিবারের প্রতিবেশী সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ ভূমিকা ছিল।

তিনি জানান, নির্মল ঘোষ ও সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, তবে সোমনাথ দে এখনও পলাতক। অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, এই বড় চক্রান্তে জড়িত থাকার অভিযোগে যদি নির্মল ঘোষ ও সঞ্জীব বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন, তবে সেই একই ভিত্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না?

৯ আগস্ট ২০২৪-এর সকালে চিকিৎসকের দেহ উদ্ধারের পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, সেই সময় ঝাড়খণ্ডে অবস্থান করলেও সেখান থেকেই পুলিশকে ক্রমাগত নির্দেশ দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন, সাধারণত যে সময়ে ময়নাতদন্ত করা হয় না, সেই নিয়ম ভেঙে কেন সন্ধ্যা ৬টার পর তড়িঘড়ি ময়নাতদন্ত করানো হলো? কেনই বা পুলিশকে দেহটি সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়নি? পাশাপাশি তাঁর আরও চাঞ্চল্যকর অভিযোগ, মুখ বন্ধ রাখতে পুলিশের মাধ্যমে চিকিৎসকের বাবা-মাকে টাকা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। তাই নির্মল ঘোষের মতো একই কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রীরও গ্রেপ্তার হওয়া উচিত।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওডিশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করার পর শুক্রবার প্রথমে বারাকপুর পুলিশ কমিশনারেটের খড়দহ থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে দুপুরে যখন তাঁকে বারাকপুর আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পুলিশ কোনোরকমে বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে পুলিশের গাড়িতে তোলে।

উল্লেখ্য, নির্মল ঘোষ উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক। ওই এলাকাতেই নির্যাতিতা চিকিৎসকের পৈতৃক বাড়ি অবস্থিত। বর্তমানে পানিহাটি কেন্দ্রের বিজেপি বিধায়ক হলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =