কাঠমান্ডু : হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখনও জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবার পর্যন্ত নেপাল ও তিব্বতে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৪। এখনও আড়াই হাজারের বেশি মানুষের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে অনেক ভারতীয় রয়েছেন।
নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৪। এছাড়াও আড়াই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। প্রাণের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে নেপালে। হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাসুয়া জেলায়। এছাড়াও নেপালের আরও কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, নেপালের নয়টি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীর এখনও খোঁজ পাওয়া যায়নি। হড়পা বানের সময় বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের মধ্যে ওই কর্মীরা কাজ করছিলেন। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও নিখোঁজ ৩ হাজার ৪৮ জন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে।

