সিভিক, গ্রিন পুলিশ ও হোমগার্ডদের পারিশ্রমিক বাড়ল ২ হাজার, প্যারা-টিচারদের ৫ হাজার টাকা : ঘোষণা রাজ্য বাজেটে

কলকাতা : রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম বাজেটে বিভিন্ন স্তরের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির ঘোষণা করা হলো। সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ড এবং প্যারা-টিচারদের মাসিক পারিশ্রমিক একধাক্কায় অনেকটাই বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।পুলিশ প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ কর্মীদের অবদানের কথা মাথায় রেখে তাঁদের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

আগামী আগস্ট মাস থেকে এই বর্ধিত পারিশ্রমিক কার্যকর হবে। একই সঙ্গে হোমগার্ড ও এনভিএফ কর্মীদেরও মাসিক পারিশ্রমিক মাসে ২,০০০ টাকা বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, সিভিল ডিফেন্স কর্মীদের জন্য মাসে ন্যূনতম ২০ দিন কাজের নিশ্চয়তা দিয়েছে নতুন সরকার।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্যারা-টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া রুখতে তাঁদের মাসিক পারিশ্রমিক ৫,০০০ টাকা বৃদ্ধি করা হবে। এর পাশাপাশি রাজ্য পরিবহণ ক্ষেত্রেও বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক ও এজেন্সি মারফত নিযুক্ত কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে মাসে ১৬,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।

এর পাশাপাশি গ্রামীণ এলাকায় পশুচিকিৎসা পরিষেবা বজায় রাখার ক্ষেত্রে সামনের সারির কর্মী হিসেবে কাজ করা প্রাণীবন্ধু, প্রাণী মিত্র, প্রাণীসেবী এবং মৈত্রী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানিয়ে এই বাজেটে তাঁদেরও মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − four =