বৃষ্টি হতেই ফিরল স্বস্তি, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : বৃষ্টি হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নামল তাপমাত্রার পারদ। ভ্যাপসা গরম উধাও হয়ে ফিরেছে স্বস্তি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবার ও বুধবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার কালবৈশাখী ঝড় হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বুধবার ঝড় হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =