সুলতানপুরের বিশেষ আদালতে রাহুলের বড় স্বস্তি, ২০১৮-র মানহানি মামলা খারিজ

সুলতানপুর (উত্তর প্রদেশ) : লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বড়সড় স্বস্তি দিল উত্তর প্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি/এমএলএ আদালত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের জেরে ২০১৮ সালে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলাটি সোমবার খারিজ করে দিয়েছে আদালত।

সোমবার এই মামলার রায় ঘোষণার সময় সশরীরে আদালতে উপস্থিত হন রাহুল গান্ধী। আদালতের এই রায়ের ফলে দীর্ঘ কয়েক বছর ধরে চলা এই আইনি লড়াইয়ে রাহুল গান্ধীর পক্ষে এক তাৎপর্যপূর্ণ বিজয় নিশ্চিত হলো।

২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বেঙ্গালুরুতে এক সাংবাদিক বৈঠকে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুলতানপুরের তৎকালীন বিজেপি জেলা সহ-সভাপতি ও কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান বিজয় মিশ্র আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির নালিশি মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর সংশ্লিষ্ট মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল সোমবার। এদিন সকালে লখনউ বিমানবন্দর থেকে সড়কপথে সুলতানপুর পৌঁছান রাহুল গান্ধী। এরপর তিনি বিশেষ আদালতে হাজির হলে বিচারক মামলাটি সরাসরি খারিজ করার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের ফলে কংগ্রেস শিবিরে স্বস্তির হাওয়া ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 17 =