ব্যাট হাতে ওয়েলিংটনে ভারতীয় দাপট। কেএল রাহুলের দুরন্ত শতরান, শুভমন গিলের ৯৮ এবং দেবদত্ত পাডিক্কালের ৮০ রানের ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড়সড় লিডের পথে ভারত। তৃতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪৮৬ রান। প্রথম ইনিংসে ৩৬৮ রান করেছিল নিউজিল্যান্ড। ফলে এখনই ১১৮ রানে এগিয়ে রয়েছে সফরকারীরা। দিনের শেষে ঋষভ পন্থ ৫৫ রানে অপরাজিত থাকলেও ভারতীয় শিবিরের সবচেয়ে বড় আক্ষেপ অধিনায়ক গিলের শতরান হাতছাড়া হওয়া।
দিনের শুরুতে ভারতকে চাপে রাখার পরিকল্পনা নিয়েই মাঠে নামে নিউজিল্যান্ড। ম্যাট হেনরি ও নাথান স্মিথের আঁটসাঁট বোলিংয়ে প্রথম দিকে রান তুলতে যথেষ্ট সমস্যায় পড়েন রাহুল ও পাডিক্কাল। প্রথম ছয় ওভারের মধ্যে পাঁচ ওভারই ছিল রানশূন্য। তবে কোনও তাড়াহুড়ো না করে ক্রিজে নিজেদের জমিয়ে নেন দুই ভারতীয় ব্যাটার। ধীরে ধীরে রান তোলার গতি বাড়তে থাকে। একদিকে পাডিক্কলের ব্যাটে অর্ধশতরান, অন্যদিকে রাহুলের সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে চলে ভারতের ইনিংস।
মধ্যাহ্নভোজের পরও ছবিটা বদলায়নি। বরং আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন রাহুল। জ্যাকব ডাফির বলে এক রান নিয়ে নিজের ১৩তম টেস্ট শতরান পূর্ণ করেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে এটাই তাঁর প্রথম টেস্ট শতরান। পাডিক্কালও তখন দুরন্ত ছন্দে। দ্বিতীয় উইকেটে দু’জনের দেড়শো রানের বেশি জুটি ভারতকে বড় রানের ভিত গড়ে দেয়। তবে শতরানের খুব কাছে পৌঁছেও শেষরক্ষা হয়নি পাডিক্কালের। কাইল জেমিসনের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ৮০ রানেই থামে তাঁর ইনিংস।
এরপর রাহুলের সঙ্গে যোগ দেন শুভমন গিল। শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের উপর পালটা আক্রমণ চালান ভারত অধিনায়ক। চার-ছক্কায় দ্রুত রান তুলতে থাকেন তিনি। চায়ের বিরতির পর ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করেন গিল। অন্যদিকে রাহুলও নিজের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দু’জনের জুটিতে ওঠে ৯১ রান। শেষ পর্যন্ত নাথান স্মিথের বলে নিজের উইকেট হারিয়ে ১৩৬ রানে ফেরেন রাহুল।
এরপর দলের রান বাড়ানোর দায়িত্ব কাঁধে তুলে নেন ঋষভ পন্থ। প্রথম দিকে সাবধানে খেললেও পরে আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি। জ্যাকব ডাফির এক ওভারে দু’টি ছক্কা ও একটি চার মেরে ভারতের লিড একশো পার করে দেন। মাত্র ৫৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন পন্থ। গিলের সঙ্গে তাঁর শতরানের জুটিও পূর্ণ হয়।
কিন্তু দিনের শেষ ওভারে ভারতীয় শিবিরে নেমে আসে হতাশা। ৯৮ রানে দাঁড়িয়ে শতরানের অপেক্ষায় ছিলেন গিল। ঠিক তখনই জ্যাকব ডাফির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। মাত্র ২ রানের জন্য শতরান অধরা থেকে যায় ভারত অধিনায়কের। দিনের খেলা শেষ হয় ভারতের ৪ উইকেটে ৪৮৬ রানে। পন্থ অপরাজিত ৫৫। উল্লেখযোগ্যভাবে, বিদেশের মাটিতে এই প্রথম টেস্ট ইনিংসে ভারতের প্রথম পাঁচ ব্যাটারই অর্ধশতরানের গণ্ডি পেরোলেন। ব্যাটিংয়ের এমন সম্মিলিত দাপটে চতুর্থ দিনের আগে অনেকটাই স্বস্তিতে ভারত।

