গুন্ডাদমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা : রাজ্যে নতুন গুন্ডাদমন আইন লাগু হওয়ার দিনই তার ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। সোমবার এই মামলা দায়ের করার অনুমতি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়ে জানিয়েছেন, মামলাটি রুজু হওয়ার পরেই এর শুনানি হবে।

সোমবার থেকেই রাজ্যে এই নতুন গুন্ডাদমন আইন কার্যকর হয়ে গেছে। গত শুক্রবার বহরমপুরের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে, বিধানসভায় গুন্ডাদমন বিল পাস হওয়ার পর তাতে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন। ফলে সোমবার থেকেই রাজ্যে এই আইন চালু হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৯ জুন বিধানসভায় দীর্ঘ আলোচনার পর পাস হয়েছিল ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’। রাজ্যপালের সইয়ের পর যা এখন পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়েছে। তবে এই আইনের বেশ কিছু ধারা ও ক্ষমতা নিয়ে ইতিমধ্যেই তীব্র আপত্তি তুলেছে বিরোধী দলগুলি।

এই নতুন আইনের ক্ষমতা বলে পুলিশ চাইলে যেকোনো চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করে এক বছর পর্যন্ত আটকে রাখতে পারবে। পাশাপাশি, সাধারণ মানুষের মনে ভয় বা আতঙ্ক তৈরি করতে পারে এমন যেকোনো কাজকে সমাজবিরোধী কার্যকলাপের আওতাভুক্ত করা হয়েছে এবং সরকারি বা বেসরকারি সম্পত্তি ধ্বংস করলেও এই আইনের অধীনে কড়া ব্যবস্থা ও গ্রেফতারের বিধান রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 17 =