যন্তর মন্তরে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি, দিল্লিতে বন্ধ ১১টি মেট্রো স্টেশন

নয়াদিল্লি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে আম আদমি পার্টি ও ককরোচ জনতা পার্টি-র। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়া আটকাতে দিল্লিতে ১১টি মেট্রো স্টেশন বন্ধ রাখার নির্দেশিকা জারি করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। দিল্লি মেট্রো শুক্রবার রাজীব চক, কেন্দ্রীয় সচিবালয় এবং যন্তর মন্তরের কাছে অবস্থিত প্যাটেল চক-সহ ১১টি মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান বন্ধ করে দিয়েছে।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) ‘এক্স’-এ জারি করা একটি পোস্টে জানিয়েছে, জনপথ, প্যাটেল চক, কেন্দ্রীয় সচিবালয়, রাজীব চক, সেবা তীর্থ, মান্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাওরি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ এবং নতুন দিল্লি স্টেশনে প্রবেশ ও প্রস্থান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে ডিএমআরসি এও জানিয়েছে, রাজীব চক, মান্ডি হাউস, নতুন দিল্লি এবং কেন্দ্রীয় সচিবালয় স্টেশনে ইন্টারচেঞ্জ (মেট্রো রেল পরিবর্তনের) সুবিধা পাওয়া যাবে।

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদ জানিয়ে ও দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে জবাবদিহিতার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে| তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে এই বিক্ষোভ প্রদর্শনে শামিল আম আদমি পার্টি, বামপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা), কংগ্রেসের ভারতীয় জাতীয় ছাত্র সংগঠন (এনএসইউআই) এবং ভারতীয় যুব কংগ্রেস (আইওয়াইসি)। নয়াদিল্লির ডিসিপি শচীন শর্মা জানিয়েছেন, নয়াদিল্লিতে বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি রয়েছে। এখানে কোনও প্রতিবাদ, মিছিল ইত্যাদির অনুমতি নেই। তিনি আরও বলেন, যন্তর মন্তরের বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 19 =