কলকাতা : কলকাতার রাস্তার নামকরণের ইতিহাসে এক বড় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। তথাগত রায় শীঘ্রই লেলিন সরণি সহ শহরের বেশ কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করতে চলেছেন। তাঁর মতে, লেলিন সরণির নাম পরিবর্তন করে ভারতীয় জনসংঘের প্রাক্তন জাতীয় সভাপতি দেবপ্রসাদ ঘোষের নামে করা যেতে পারে।
বাম শাসনের সময় কার্ল মার্ক্স, ভ্লাদিমির লেনিন এবং হো-চি-মিনের স্মৃতির উদ্দেশে কলকাতার তিনটি রাস্তার নামকরণ করা হয়েছিল। এবার এই নামগুলি পরিবর্তনের তৎপরতা শুরু হওয়া নিয়ে চর্চা চলছে।
তথাগত রায় জানান, লেনিন সরণি ছাড়াও কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব কমিটির কাছে রাখা হবে। লেলিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষ সরণি করার প্রস্তাব রয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর দেবপ্রসাদ ঘোষ ভারতীয় জনসংঘের জাতীয় সভাপতি হয়েছিলেন।
অন্যদিকে, কার্ল মার্ক্স সরণির নাম পরিবর্তন করে রঙলাল বন্দ্যোপাধ্যায় অথবা মাইকেল মধুসূদন দত্তের নামে করার সম্ভাবনা তৈরি হয়েছে। একইভাবে হো-চি-মিন সরণির নাম বদলে মার্টিন লুথার কিং-এর নামে করার প্রস্তাবও সামনে আসতে পারে।
গোপাল মুখার্জি রোডের নাম নিয়ে তৈরি বিতর্কের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, কলকাতায় কোনো মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশ শাসকের নামে নামকরণ থাকবে না। তিনি এও বলেছিলেন যে, ভগিনী নিবেদিতাকে বাদ দিয়ে অন্য কোনো বিদেশি ব্যক্তিত্বের নামে নাম রাখা হবে না। তবে এপিজে আবদুল কালামের মতো কোনো প্রকৃত দেশপ্রেমিকের নামের পরামর্শ পাওয়া গেলে সরকার তাঁকে সম্মান জানাবে।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন রাস্তা, সেতু এবং অ্যাভিনিউয়ের নতুন নামকরণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি কার্তিক মহারাজ, এবং বিজেপি নেতা তথাগত রায়ও এর একজন সদস্য। এবার কমিটির সামনে এই রাস্তাগুলির নাম পরিবর্তনের প্রস্তাব রাখা হলে কলকাতার রাজনৈতিক ও সামাজিক মহলে এই বিষয়টি নিয়ে তর্কবিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

