মহাকাশ-বিষয়ক স্টার্টআপ-গুলির সিইও ও প্রতিষ্ঠাতাদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ‘সেবা তীর্থ’-তে ২০টি মহাকাশ-ভিত্তিক স্টার্টআপের সিইও এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে মত বিনিময় করেন। মহাকাশ ক্ষেত্রের শীর্ষস্তরের বিভিন্ন সংস্থার প্রধানরা এই আলোচনায় অংশ নেন। এই সংস্থাগুলি রকেট ও পুনর্ব্যবহারযোগ্য আধা-ক্রায়োজেনিক লঞ্চ ভেহিক্যাল তৈরি, এভিওনিক্স, উপগ্রহ, উন্নত প্রপালশন সিস্টেম, মহাকাশ ও প্রতিরক্ষা সংক্রান্ত গোয়েন্দা তথ্য, মহাকাশের বর্জ্য অপসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত স্থানীয় আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মতো নানা ক্ষেত্রে কাজ করছে। তাঁরা ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরেন এবং এই ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী মহাকাশ ক্ষেত্রের নেতৃবৃন্দকে সাহসিকতা প্রদর্শন এবং একটি নতুন ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। মোদী বলেন, অনেক দেশই মহাকাশ ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে না অথবা বিনিয়োগ করতে চায় না। এর ফলে বিশ্বে মহাকাশ ক্ষেত্রে নিজেদের অবস্থান দ্রুত শক্তিশালী করার এক বড় সুযোগ ভারতের সামনে তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মহাকাশ সংস্থাগুলিকে তাদের প্রযুক্তির নতুন প্রয়োগের দিকগুলি খতিয়ে দেখতে এবং কীভাবে এই প্রযুক্তি মানুষের জীবনযাত্রাকে সহজতর করতে পারে, সে বিষয়ে মনোযোগ দিতে উৎসাহিত করেন।

প্রধানমন্ত্রী মহাকাশ ক্ষেত্রের সংস্থাগুলির সঙ্গে অন্যান্য ক্ষেত্রে কর্মরত সংস্থাগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার পরামর্শ দেন। মহাকাশের বর্জ্য নিয়ে কাজ করা সংস্থাগুলি তাদের প্রযুক্তিকে আরও উন্নত করতে পরিবেশবাদী সংস্থাগুলির সঙ্গে কাজ করতে পারে। কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মহাকাশ প্রযুক্তি সংস্থাগুলি কৃষকদের আরও ভালোভাবে সিদ্ধান্ত নিতে এবং তাদের উৎপাদন বাড়াতে সাহায্য করার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় ও বিভাগগুলির সঙ্গে সহযোগিতা করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + thirteen =