হলদিয়া : পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার গঠনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে বিঁধে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার। হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এ বার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে।
তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, দেশ এগোচ্ছে, কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে। তৃণমূল রাজ্যের যুব সরকারকে ধোঁকা দিয়েছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিজেপি-শাসিত রাজ্যে রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে এই রাজ্যেও রোজগার মেলা শুরু হবে।” মোদী বলেন, “মা-বোনেদের জীবন এবং মানসম্মানের উপর কিছু আর হতে পারে না। আর এই গ্যারান্টি বিজেপিই দেয়।”
প্রধানমন্ত্রী এদিনের জনসভা থেকে বলেন, এবার বাংলা সব প্রতিকূলতাকে জয় করার সিদ্ধান্ত নিয়েছে। এই উৎসাহ ও উদ্দীপনার মধ্যেই বিজেপির বিজয় স্পষ্ট। এটি পরিবর্তনের এক ঝড়। এটি নির্মম তৃণমূল সরকারের বিদায় ঘোষণা করে। বাংলার এই নির্বাচন সাধারণ নয়। এই নির্বাচন বাংলার গৌরব পুনরুদ্ধারের নির্বাচন। এই নির্বাচন একটি বিকশিত বাংলার ভীত মজবুত করার নির্বাচন এবং এর প্রথম ও সবচেয়ে বড় পদক্ষেপ হবে, একটি নিষ্ঠুর সরকারের বিদায়।

