নয়াদিল্লি : ফের বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম। শনিবার মধ্যরাতের পর থেকে ঘরে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল অনেকটাই। জানা গেছে, প্রতিটি ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা। গত তিন মাসে গৃহস্থের এলপিজি সিলিন্ডারের এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল। ঘনঘন বাণিজ্যিক গ্যাসের দাম নড়াচড়া করলেও, একটা দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত ছিল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম।
আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত চাপের কারণে তিন মাসের মধ্যে আবার সিলিল্ডারপিছু ২৯ টাকা বৃদ্ধি হয়েছে। তথ্য অনুযায়ী, মূল্যবৃদ্ধির পর দেশের রাজধানী দিল্লিতে গৃহস্থের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ টাকায়।
অন্যদিকে, কলকাতায় এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ৯৬৮ টাকা। এর আগে গত মার্চ মাসে সিলিন্ডার প্রতি এক ধাক্কায় ৬০ টাকা দাম বাড়ানো হয়েছিল। সেই সময় তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা থেকে বাড়িয়ে ৯৩৯ টাকা করেছিল।

