হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার পুলিশের

হাওড়া : হাওড়ার পিলখানাতে প্রোমোটার খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার করলো পুলিশ। অভিযুক্তের বাড়ির ট্যাঙ্ক থেকে মিলল দুই আগ্নেয়াস্ত্র। অভিযুক্তদের দফায় দফায় জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই উদ্ধার হল খুনের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। অভিযুক্তের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে মিলেছে দুটি বন্দুক ও দুটি ম্যাগজিন।

হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রের খবর, বউবাজার থানা এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াকিল ওরফে মুন্নাকে পুলিশ হেফাজতে নিয়ে জেরা করা হয়। জেরাতেই উঠে আসে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য। লালবাজারের গোয়েন্দা দফতর সূত্রেই জানা গিয়েছে যে, শুক্রবার গভীর রাতে দুঁদে গোয়েন্দারা বিশেষ অভিযানে নামে। তার বাড়ির ট্যাঙ্কে তল্লাশি চালানো হয়েছে।এরপর দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রের খবর, ওয়াকিল জেরায় স্বীকার করেছে যে, মূল অভিযুক্ত হারুন খান ও রফাকত ২৫ ফেব্রুয়ারি সকালে খুনের পর অস্ত্র দুটি তার কাছে রাখে। পরে সেগুলি লুকিয়ে রাখতে বাড়ির ট্যাঙ্কে জলে দেওয়া হয়। এর আগে গোলাবাড়ি থানার পুলিশ মহম্মদ বিলাল ওরফে রিঙ্কু, মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না এবং দিলদার হোসেনকে গ্রেফতার করে। অভিযোগ, মূল অভিযুক্তদের পালাতে সাহায্য করে তারা। তদন্তে উঠে আসে, খুনের পর মূল অভিযুক্তেরা জোড়াসাঁকো এলাকায় বিলালের আস্তানায় আত্মগোপন করেছিল। পুলিশের দাবি, ধৃতদের সঙ্গে মূল অভিযুক্তদের নিয়মিত যোগাযোগের প্রমাণ মিলেছে। উদ্ধার হওয়া অস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − twelve =