পদক্ষেপ পুলিশের, হুমায়ুনের সভার তিন আয়োজক গ্রেফতার

মুর্শিদাবাদ : বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপর ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করলো পুলিশ। গ্রেফতার করা হল নওদার বিধায়ক হুমায়ুন কবীরের সভার তিন আয়োজককে। ধৃতদের নাম গোলাম মোস্তাফা, মোহাম্মদ আমিনুক হক এবং আনিসুর রহমান। সোমবার রাতেই দুই পৃথক অভিযানে তাঁদের পাকড়াও করে পুলিশ।

সম্প্রতি মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুরে সভা করেন আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র বিধায়ক হুমায়ুন। সেখানে বক্তৃতার সময়ে তাঁর কিছু মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুর থানার জোড়া এফআইআর-ও রুজু হয়। হুমায়ুনের ওই মন্তব্যের প্রেক্ষিতে পুলিশি অ্যাকশনের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তারপরই পদক্ষেপ করলো পুলিশ।

উল্লেখ্য, রেজিনগর থানার দায়ের হওয়া মামলায় গ্রেফতার হয়েছেন গোলাম এবং আমিনুল। গোলাম এজেইউপির কাশীপুর ২ অঞ্চলের সভাপতি। আনিসুর ধরা পড়েছেন শক্তিপুর থানার পুলিশের হাতে।

তিনি এজেইউপির বেলডাঙা ২ ব্লকের আহ্বায়ক। পুলিশ সূত্রে খবর, ধৃত আমিনুলের বাড়ি রেজিনগরের লোকনাথপুর গ্রামে। অন্য দিকে মূল উদ্যোক্তা গোলাম কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি মূলত দলীয় সভার আয়োজনের জন্য পুলিশের অনুমতি চেয়েছিলেন। আর সেই সভাতেই বিধায়ক উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + five =