কলকাতা : বাঁশদ্রোণী এলাকায় সিআইএসসিই বোর্ড অনুমোদিত একটি স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া আয়ুষ নাথের স্কুলে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অন্যান্য পড়ুয়াদের অভিভাবকেরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এনএসসি বসু রোড।
পুলিশ এসে অভিভাবকদের অনুরোধ করা সত্ত্বেও তাঁরা অবরোধ তোলেননি। অভিভাবকদের দাবি, স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করতে হবে। পুলিশ আশ্বাস দেয়, তারা ঘটনার তদন্ত করছে।
জানা গেছে, ১৩ মে বাঁশদ্রোণীর স্কুলে অসুস্থ হয়ে পড়ে আয়ুষ নাথ নামে ওই ছাত্র। পড়ুয়ার পরিবারের অভিযোগ, স্কুলের সিঁড়িতে পড়ে যায় সে। কিন্তু তাকে স্কুলেই বসিয়ে রাখা হয়। পরে আরও অসুস্থ হলে বাড়িতে জানানো হয়। ১২ দিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিল। সোমবার সেখানেই তার মৃত্যু হয়। স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্কুলের সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখান অভিভাবকরা।

