উলুবেড়িয়ায় মত্তের মারে একজনের মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এলাকায়

হাওড়া : মদের আসরে বিড়ি চাওয়া নিয়ে গোলমাল! সেখান থেকে দুজনের মধ্যে বচসা, মারধর। মৃত্যু হল এক ব্যক্তির।

মৃতের নাম ভোলা দলুই। এই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়ার জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের তেলিবেড়িয়া এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সাগর দলুইকে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে ভোলা এবং সাগরের মধ্যে বচসা হয়। ঘটে মারধরের ঘটনাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাত দশটা নাগাদ ভোলা ও সাগর দুজনে বসে মদ খাচ্ছিল। ভোলা তাঁর কাছ থেকে বিড়ি চায় কিন্তু তা না থাকাই ভোলা গালিগালাজ করতে থাকে।

এরপরেই সাগর ভোলাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারের আঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ভোলা। রাতারাতি তাকে আমতা ২ নম্বর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ভোলাকে ছেড়েও দেন চিকিৎসকরা।

কিন্তু সোমবার ফের অসুস্থ হয়ে পড়ে ভোলা। ফের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ভোলার। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরেই অভিযুক্ত সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 15 =