১৪ জুলাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন

ওয়াশিংটন : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী ১৪ জুলাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা হতে চলেছেন। কাজাখস্তানের বৈকানুর স্পেস কসমোড্রোম থেকে আট মাসের এক ঐতিহাসিক মিশনে পাড়ি দেবেন তিনি। ৪৯ বছর বয়সি অনিল মেনন ভারতীয় বংশোদ্ভূত। গত ৯ জুলাই নাসার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নাসার বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ইউক্রেনীয় ও ভারতীয় অভিবাসী দম্পতির ঘরে জন্ম নেন অনিল। তিনি পেশায় একজন জরুরি চিকিৎসা বিভাগের (এমার্জেন্সি মেডিসিন) চিকিৎসক এবং মার্কিন মহাকাশ বাহিনীর (ইউএস স্পেস ফোর্স) কর্নেল পদমর্যাদার অফিসার।

নাসা জানিয়েছে, অনিল মেনন রুশ মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’-এর সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চেপে দুই রুশ মহাকাশচারী পিয়োত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন। সেখানে তাঁরা ‘এক্সপিডিশন ৭৪’ ক্রু-এর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নিয়ে যাবেন। উত্তর আমেরিকার সময় অনুযায়ী আগামী ১৪ জুলাই সকাল ১০:৪৭ মিনিটে (বৈকানুর সময় অনুযায়ী সন্ধে ৭:৪৭ মিনিটে) তাঁদের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। এই উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার নাসা প্লাস, অ্যামাজন প্রাইম এবং নাসার ইউটিউব চ্যানেলে দেখা যাবে। তবে আবহাওয়া বা প্রযুক্তিগত কারণে এই সময়সূচিতে পরিবর্তন হতে পারে বলেও নাসার তরফে জানানো হয়েছে।

মহাকাশচারী অনিল মেনন, দুব্রোভ এবং কিকিনা ২০২৭ সালের এপ্রিল মাসে পৃথিবীতে ফিরে আসার আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘এক্সপিডিশন ৭৪/৭৫’ ক্রু সদস্য হিসেবে কক্ষপথের ওই কমপ্লেক্সে প্রায় আট মাস কাটাবেন। অনিল মেননের ক্ষেত্রে এটিই প্রথম মহাকাশ অভিযান, তবে দুব্রোভ এবং কিকিনার এটি দ্বিতীয় অভিযান। মহাকাশ স্টেশনে থাকাকালীন অনিল মেনন দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে মানবদেহের ওপর তার শারীরিক প্রভাব নিয়ে বিশেষ গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =