কলকাতা : দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পরে বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিপা ভাইরাস আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু হল। বৃহস্পতিবার বিকালে তাঁর মৃত্যু হয়।
গত ৪ জানুয়ারি থেকে তিনি অসুস্থ হয়েছিলেন। ১০ জানুয়ারি তাঁকে বারাসতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পরে পরীক্ষায় ধরা পড়ে তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। একই সঙ্গে, তাঁর সহকর্মী এক পুরুষ নার্সও নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
তবে, তিনি সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। সূত্রের খবর, মাঝে ভেন্টিলেশন থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। কিন্তু ফের শ্বাসকষ্ট শুরু হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, দীর্ঘ দিন ক্রিটিকাল কেয়ারে থাকার ফলে তাঁর ফুসফুসে দ্বিতীয় সংক্রমণ হয়েছে। বুধবার ওই তরুণীকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকালে তাঁর মৃত্যু হয়।

