শিয়ালদহ–বারাসাত রুটে চালু নতুন এসি লোকাল, যাত্রী স্বাচ্ছন্দ্যে পূর্ব রেলের উদ্যোগ

কলকাতা/বারাসাত : যাত্রীদের আরও আরামদায়ক পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়ালদহ–বারাসাত রুটে নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন চালু করল পূর্ব রেল। সোমবার থেকে এই পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল ১০টা ৩৩ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১টা ১৮ মিনিটে বারাসাতে পৌঁছায়।

এরপর সকাল ১১টা ২৯ মিনিটে বারাসাত থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় এবং দুপুর ১২টা ১৩ মিনিটে গন্তব্যে পৌঁছায়।রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে নির্ধারিত স্টপেজ করবে।

শনিবার ও রবিবার বাদ দিয়ে সপ্তাহে পাঁচ দিন এই এসি লোকাল চলাচল করবে।এদিন বারাসাত স্টেশনে ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শংকর চ্যাটার্জি। তিনি নতুন এসি লোকালে সফরও করেন।নতুন ট্রেন চালু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ভাড়া সাধারণ লোকালের তুলনায় কিছুটা বেশি হলেও আরামদায়ক ও শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রার সুযোগ পাওয়ায় রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা। পূর্ব রেলের আধিকারিকরাও জানান, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আধুনিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যেই এই নতুন এসি লোকাল চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =