নৈহাটী : নৈহাটী পৌরসভার চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি সদস্য রাজেন্দ্র গুপ্ত এবং তাঁর দুই পুত্রের। এর আগে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার-এর নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছিল। পরপর দুই হেভিওয়েট কাউন্সিলরের নাম বাদ পড়ায় নৈহাটির রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার রাজেন্দ্র গুপ্ত অভিযোগ করে বলেন, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও তাঁকে কোনো শুনানির জন্য ডাকা হয়নি। এমনকি কোনো আগাম নোটিশ ছাড়াই সরাসরি তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। তিনি এই ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ তুলেছেন এবং এর পেছনে বিজেপির রাজনৈতিক চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন।
ক্ষুব্ধ কাউন্সিলরের বক্তব্য, “মানুষ সব দেখছে। অন্যায়ভাবে নাম বাদ দেওয়া হলে তার জবাব সাধারণ মানুষই দেবে। আগামী দিনে বিজেপিকেই মানুষ রাজনীতি থেকে ডিলিট করে দেবে।” যদিও শাসক শিবিরের এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে এমনিতেই নানা বিতর্ক চলছে, তার মধ্যে জনপ্রতিনিধিদের নাম বাদ পড়ার এই ঘটনা প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

