কলকাতা :- রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক সম্পত্তি। কেএমসি আইনের ৪০০(১) ধারা অনুযায়ী লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা মোট ১৭টি ঠিকানায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা।
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত নকশার বাইরে গিয়ে কোনো বেআইনি নির্মাণ হয়ে থাকলে তা সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে ভেঙে ফেলতে হবে অথবা সন্তোষজনক কারণ দর্শাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না মিললে পুরসভা নিজেই বেআইনি অংশ ভেঙে দেবে এবং সেই খরচ সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে আদায় করা হবে।
হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বর ঠিকানায় অবস্থিত লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিতে লিফট ও এসক্যালেটর সংক্রান্ত নথি এবং ‘অ্যাজ-বিল্ট’ ড্রয়িং তলব করা হয়েছে। এছাড়া কালীঘাট রোড ও প্রেমেন্দ্র মিত্র সরণির একাধিক ঠিকানাতেও নোটিস পাঠানো হয়েছে।রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেআইনি সম্পত্তি নিয়ে কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুরসভার এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

