নদিয়া : পরপর দু’দিন তৃণমূলের কার্যালয় থেকে সরকারি নথি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নবদ্বীপের দুটি পৃথক তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হলো একাধিক রেশন কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রথম ঘটনাটি ঘটে রবিবার, দ্বিতীয়টি সোমবার। যদিও সোমবারের ঘটনা প্রকাশ্যে এসেছে মঙ্গলবার সকালে।
জানা গেছে, রবিবার নবদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কার্যালয় থেকে একাধিক রেশন কার্ড এবং অন্যান্য সরকারি নথি উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ৪ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর পাল বাজার এলাকার তৃণমূল কার্যালয়ে।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪ নম্বর ওয়ার্ডের ওই দলীয় কার্যালয় থেকে সোমবার একাধিক রেশন কার্ড, ভোটার কার্ড উদ্ধার হয়। কীভাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ নথি তৃণমূলের কার্যালয়ে এলো, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।

