আইএফএ শিল্ডে মোহনবাগানের গোলবন্যা, ছাংতের হ্যাটট্রিকে শ্রীনিধি পড়ল গোলের মালা

কলকাতা লিগ জয়ের রেশ কাটতে না কাটতেই আইএফএ শিল্ডের অভিযানও দাপটের সঙ্গে শুরু করল মোহনবাগান। বুধবার বৃষ্টিভেজা মাঠে শ্রীনিধি ডেকানকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন। ম্যাচের মূল আকর্ষণ অবশ্যই ছাংতে। দুরন্ত হ্যাটট্রিক করে তিনিই হয়ে উঠলেন জয়ের নায়ক। পাশাপাশি মিগুয়েল ফিগুয়েরার বিচক্ষণ ফুটবল এবং অভিষেক ম্যাচে লি এরউইনের গোলও নজর কাড়ল।
ম্যাচের আগে কলকাতা লিগ জয়ের উদযাপনও হয় ক্লাব লনে। পতাকা উত্তোলনের পর ট্রফি তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তার পর মাঠে নেমেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে মোহনবাগান। ৮ মিনিটে প্রীতম কোটালের ভুলের সুযোগ নিয়ে অভিষেক সূর্যবংশীকে বল বাড়ান দেজন দ্রাজিচ। দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন অভিষেক।
প্রথমার্ধের শেষদিকে শুভাশিস বসুর বাড়ানো বল থেকে গোল করেন ছাংতে। বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে মোহনবাগান। ৫২ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ছাংতে। মাত্র ৫ মিনিট পর লিস্টন কোলাসো ও মিগুয়েলের যুগলবন্দিতে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
শেষদিকে ৮১ মিনিটে গোল করেন সন্দীপ মালিক। তার এক মিনিট পরেই ছাংতের বাড়ানো বলে হেড করে নিজের অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন লি এরউইন। একের পর এক গোলের উৎসবে শ্রীনিধিকে ম্যাচ থেকে ছিটকে দেয় মোহনবাগান। পরের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে এই জয় নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস দেবে পানোসের দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 17 =