ফের জাতীয় দলে ফুটবলার ছাড়ল না মোহনবাগান

আসন্ন ইউনিটি কাপের ঠিক মুখেই জাতীয় দলের শিবিরে বড়সড় ধাক্কা। জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন মোহনবাগানের সাতজন ফুটবলার। আর আচমকাই নিজেদের সাত জন তারকা ফুটবলারকে ছাড়তে নারাজ, তাদের ডেকে পাঠাল মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন শিবিরের এই সাত জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর জাতীয় দলের শিবিরে যাচ্ছেন না। শনিবার রাতেই গোটা দলের লন্ডন উড়ে যাওয়ার কথা। ক্লাবের তরফ থেকে নির্দেশ পাওয়ার পরেই এদিন দলের অন্যান্য সদস্যদের সঙ্গে তারা কোনও অনুশীলনেও অংশগ্রহণ করেননি। মোহনবাগান সুপারজায়ান্ট তরফে আপত্তি করার বারবার ক্লাবের প্রধান এবং একমাত্র কারণ হল ‘ফিফা উইন্ডো’। আসন্ন ইউনিটি কাপ এমন একটি সময়ে আয়োজিত হতে চলেছে, যা ফিফা নির্ধারিত আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর সম্পূর্ণ বাইরে। আর ফিফার নিয়ম অনুযায়ী, উইন্ডোর বাইরে কোনও টুর্নামেন্টের জন্য ক্লাবগুলি তাদের খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড়তে বাধ্য নয়। ঠিক এই নিয়মকেই হাতিয়ার করে নিজেদের সাত জন ফুটবলারকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই সিদ্ধান্তের ফলে সরাসরি প্রভাব পড়েছে শনিবারের অনুশীলনে এবং আসন্ন লন্ডন সফরে। শনিবার রাতেই ইউনিটি কাপে অংশ নেওয়ার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জাতীয় দলের। কিন্তু মোহনবাগানের এই সাত তারকা – লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুইয়া, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, ডিফেন্ডার অভিষেক সিং এবং গোলরক্ষক বিশাল কাইথ, রাতের লন্ডনগামী বিমানেও উঠছেন না। তাদের ছাড়াই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে হবে বাকি ভারতীয় দলকে। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় ক্লাবের এই সিদ্ধান্তে কোনও আইনি বাধা নেই ঠিকই, তবে ইউনিটি কাপের আগে দলের রণনীতিতে যে এই ঘটনা বড়সড় প্রভাব ফেলবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ক্লাব বনাম দেশের এই টানাপোড়েনের মাঝে এখন এটাই দেখার, প্রথম সারির এই সাত ফুটবলারকে ছাড়া কীভাবে লন্ডন সফরে নিজেদের দল সাজান জাতীয় দলের কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + sixteen =