নিখোঁজ জাতীয় স্তরের শুটার দময়ন্তী সেন উদ্ধার, মানসিক চাপেই বাড়ি ছেড়েছিলেন বলে দাবি

হাওড়া : হাওড়া থেকে নিখোঁজ হয়ে যাওয়া ১৫ বছরের জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেনকে শনিবার ভোরে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশ। তাঁকে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাওড়া থানার তত্ত্বাবধানে রয়েছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দময়ন্তী সেন ধ্রুবজ্যোতি সেনের মেয়ে এবং হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা। দু’দিন আগে সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তদন্তের শুরুতে সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে হাওড়া রেলস্টেশনে দেখা যায়। এরপর একাধিক পুলিশ দল গঠন করে তল্লাশি শুরু হয়। সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালের জন্য নির্বাচিত হওয়ায় তাঁর নিখোঁজ হওয়ার ঘটনাটি বিশেষভাবে আলোচনায় আসে।

হাওড়া সিটি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দময়ন্তী জানিয়েছেন, খেলাধূলা ও পড়াশোনার চাপ সামলাতে গিয়ে তিনি মানসিকভাবে অত্যন্ত চাপে ছিলেন। সেই কারণেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং কয়েকটি জায়গায় ঘোরাঘুরি করার পর ফের হাওড়ায় ফিরে আসেন। সেখান থেকেই রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

তবে পুলিশ জানিয়েছে, দময়ন্তীর দেওয়া বয়ানের সত্যতা এখনও যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে না। আপাতত তিনি নিরাপদে রয়েছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seven =