বিশ্বকাপের আবহের মধ্যেই মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন ব্রাজিলের দাপুটে মিডিও মিগুয়েল ফিগুয়েরা দামাসোনা। গত মরসুমের ইন্ডিয়ান সুপার লিগের সোনার বলজয়ী এই ফুটবলারের সঙ্গে সবুজ মেরুনের চুক্তি হয়েছে ২ বছরের জন্য। মাঝমাঠের শক্তি বাড়াতে এবং আক্রমণে নতুন ধার আনতেই এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
সিরি এ লিগে খেলা মিগুয়েল এশিয়ার ফুটবলে প্রথম নজর কাড়েন বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলার সময়। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাবে ৩ বছর কাটানোর পর গত মরসুমে ভারতে আসেন তিনি। প্রথম বছরেই ইস্টবেঙ্গলের হয়ে দুরন্ত পারফরম্যান্স করে দলকে চ্যাম্পিয়ন করেন এবং প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে জিতে নেন সোনার বল।
২৬ বছর বয়সি এই অ্যাটাকিং মিডিও শুধু গোল করতেই নয়, সতীর্থদের গোলের সুযোগ তৈরি করতেও সিদ্ধহস্ত। গত মরসুমে আইএসএলে ১২ ম্যাচে ২টি গোল করার পাশাপাশি ৫টি গোলের পাস বাড়িয়েছেন তিনি। তাঁর পাসের দক্ষতা এবং মাঝমাঠ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নতুন মরসুমে মোহনবাগানের বড় অস্ত্র হতে চলেছে।
মোহনবাগানে যোগ দেওয়ার পর মিগুয়েল জানিয়েছেন, সবুজ মেরুন সমর্থকদের আবেগ তাঁকে ব্রাজিলের সমর্থকদের কথা মনে করিয়ে দেয়। কলকাতায় এক বছর খেলার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, মোহনবাগান সমর্থকরা শুধু জয় এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন।
মিগুয়েল জানিয়েছেন, মোহনবাগানের প্রস্তাব পাওয়ার পর প্রথমে স্ত্রীকে বিষয়টি জানান। দীর্ঘ আলোচনার পর দেশের সেরা ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর লক্ষ্য শুধু আইএসএল নয়, ডুরান্ড কাপ এবং সুপার কাপেও দলকে চ্যাম্পিয়ন করা।
জেমি ম্যাকলারেনের মতো গোল শিকারির সঙ্গে মাঠে নতুন রসায়ন তৈরি করতে চান মিগুয়েল। তিনি জানিয়েছেন, গোল করার চেয়ে গোলের পাস বাড়াতে বেশি ভালোবাসেন। কলকাতা ডার্বি নিয়েও তাঁর উচ্ছ্বাস স্পষ্ট। সবুজ মেরুন জার্সি পরে ডার্বিতে নেমে ১০০ শতাংশ দিয়ে জেতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।বসুন্ধরা কিংসে ৩ বছর খেলার অভিজ্ঞতা থাকা এই ফুটবলার মনে করেন, ভারতের লিগ বাংলাদেশের তুলনায় অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক। ভারতীয় ফুটবলারদের প্রতিভা ও দক্ষতারও প্রশংসা করেছেন তিনি।
মিগুয়েলের মতে, মোহনবাগান এবার আরও শক্তিশালী দল নিয়ে নামবে। আলবার্তো রদরিগেজকে আইএসএলের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, তাঁকে টপকানো সহজ নয়।

