ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, দক্ষিণবঙ্গে জারি গরমের সতর্কতা

কলকাতা : এ বার ভোগাবে গরম, তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে, তাতে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হাঁসফাঁস গরম পড়বে। গরম এবং অস্বস্তির কারণে ওই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ সারা রাজ্যে দিনের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে পয়লা বৈশাখে আবার উত্তরবঙ্গের আট জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।

শুষ্ক পশ্চিমী বাতাসের কারণে রাজ্যে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরে তিন দিন তাপমাত্রার সে ভাবে হেরফের হবে না। মঙ্গলবার সংক্রান্তির দিনে দক্ষিণবঙ্গের চার জেলা— পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় গরম এবং অস্বস্তির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামী শনিবার পর্যন্ত ওই চার জেলায় হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিম বর্ধমানে বুধবার থেকে শনিবার পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে। গরমের মধ্যেই পয়লা বৈশাখ, বুধবার পড়েছে, ওই দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 3 =