বাগনানের লাইব্রেরি মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১০টি অস্থায়ী দোকান

হাওড়া : মঙ্গলবার ভোররাতে হাওড়ার বাগনান থানার অন্তর্গত লাইব্রেরি মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাত প্রায় তিনটে নাগাদ হঠাৎ একটি অস্থায়ী দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্যান্য দোকানেও। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা সারি জুড়ে থাকা দোকানগুলি।খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে ততক্ষণে অন্তত দশটি অস্থায়ী দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। একটি দোকানে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হওয়ায় আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে বলে জানা গিয়েছে।

বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন।এই ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করেছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 1 =