বড়বাজারে প্লাস্টিক শিটের গুদামে ভয়াবহ আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কলকাতা : বুধবার ভোরে কলকাতার বড়বাজারের পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটে একটি প্লাস্টিক শিটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর ৪টে নাগাদ গুদাম থেকে আগুনের শিখা ও ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। প্লাস্টিকজাত সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ কিছুটা বেগ পেতে হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। আগুন যাতে আশপাশের দোকান ও বাড়িতে ছড়িয়ে না পড়ে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। দমকলকর্মীরা দীর্ঘ সময় ধরে জল দিয়ে আগুন নেভানোর কাজ চালান। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত বলে অনুমান দমকলের। গুদামে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − two =