মালদা : শনিবার মালদা জেলার মানিকচকের এনায়েতপুর মাঠে পুরাতন মালদার নারায়ণপুর থেকে হেলিকপ্টারে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচকের তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে এই জনসভার আয়োজন। এ দিন মানিকচকের এনায়েতপুর মাঠে আয়োজিত জনসভা থেকে বিজেপিকে নিশানা করেন মমতা।
হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৬ সালে দিল্লিতে বিজেপির সরকারের পতন হবে। যদি একটু চিনে থাকি, তা হলে অবশ্যই পতন হবে। আমরা দিল্লিকে ‘টার্গেট’ করছি। ধর্মের কল বাতাসে নড়ে। আচমকা পতন হবে। অপেক্ষা করো। যতই করো হামলা, যতই করো চক্রান্ত, তোমরা হবে ব্যর্থ।
মানিকচকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী এও বলেন, এসআইআর নিয়ে অশান্তির মধ্যে যাবেন না। অশান্তি পাকিয়ে অনেকে পালিয়ে যাবে আর গ্রামের নিরীহদের গ্রেফতার করা হবে। এলাকা থেকে ৩০ থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্দোষ লোকেদের কেন গ্রেফতার করছ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কথা বললে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে মারে।
রাজস্থানে মালদার ছেলেকে খুন করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের আসতে দেওয়া হচ্ছে না। ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে না। বাস আটকে দেওয়া হচ্ছে। মানিকচকের এনায়েতপুরের মাঠে নির্বাচনী সভার পরে মঞ্চে জনজাতিদের নিয়ে নাচে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

