মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ বিধানসভার দলীয় প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে জিয়াগঞ্জে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে তিনি জিয়াগঞ্জে পৌঁছন। এ দিন সভায় বক্তৃতায় বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা।
বলেন, যে মানুষ ভোট দেবার সুযোগ পাবে, সবগুলো তৃণমূল পাবে। বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে না। বিজেপির লোকেরাও বিজেপিকে ভোট দেবে না। ভোটার তালিকা থেকে প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে, এই অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন তিনি। এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম নেই মুর্শিদাবাদের নবাব পরিবারের অনেক সদস্যের।
রবিবার সেই প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিয়াগঞ্জের এ দিনের সভায় উপস্থিত ছিলেন ‘ছোটে নবাব’ নামে পরিচিত সৈয়দ রেজা আলি মির্জা। তাঁকে দেখে মমতা বলেন, এখানে ছোটে নবাব আছেন। আমি শুনলাম তাঁরও নাম কেটে দিয়েছে। দিল্লির বাবুরা বসন্তের কোকিলের মতো এখানে আসেন। ৫০০ টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে আসেন।

