কলকাতা : মালদার কালিয়াচকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। উদ্ধার করা হয়েছে প্রায় ২.৬৮৮ কেজি উচ্চমাত্রার নিষিদ্ধ মাদক মরফিন। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সামাজিক মাধ্যমে এই সফল অভিযানের তথ্য প্রকাশ করে মাদক কারবারিদের বিরুদ্ধে রাজ্য সরকারের আপসহীন ও ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা স্পষ্ট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদকের একটি বড় চালান পাচারের খবর পেয়ে রবিবার ১২ নম্বর জাতীয় সড়কের কালিয়াচক থানার অন্তর্গত মধুঘাট সংলগ্ন এলাকায় ওঁত পেতে বসেন এসটিএফ-এর গোয়েন্দারা। সন্দেহভাজনদের পাকড়াও করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ২.৬৮৮ কেজি মরফিন। আন্তর্জাতিক বাজারে এই বাজেয়াপ্ত মাদকের মূল্য কয়েক কোটি টাকা বলে মনে করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে সুনির্দিষ্ট মামলা রুজু করে হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় পর্যন্ত পৌঁছতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই অভিযানের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফেসবুকে লেখেন, “অত্যন্ত সুপরিকল্পিত ও সমন্বিত এই অভিযানের সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ এবং এসটিএফ-এর সমস্ত আধিকারিক ও কর্মীদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
মাদক মাফিয়াদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, “মাদক পাচারকারী, কারবারি ও অপরাধ চক্রের সঙ্গে যুক্ত সকলকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের সরকারের অবস্থান আপসহীন। মাদক পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনেই প্রতিটি অপরাধীকে কঠোর হাতে দমন করা হবে।”

