বারাণসী : উত্তর প্রদেশের বারাণসীতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ঝাড়খণ্ডের নিষিদ্ধ মাওবাদী সংগঠন ‘তৃতীয় প্রস্তুতি কমিটি’ (টিপিসি)-র প্রধান ব্রিজেশ গঞ্জু ওরফে গোপাল সিং। তার মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে এক সঙ্গীকে নিয়ে মোটরবাইকে চেপে তেঘড়া মোড় থেকে রামনগর হয়ে মুঘলসরাইয়ের দিকে যাচ্ছিল ব্রিজেশ। গোপন সূত্রে খবর পেয়ে বারাণসীর রামনগর থানা এলাকার লঙ্কা ময়দানের কাছে পুলিশ ও উত্তর প্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) তাদের পথ আটকানোর চেষ্টা করে। মোটরবাইক না থামিয়ে ব্রিজেশ গাড়ি থেকে লাফ দিয়ে পুলিশ কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
পুলিশও পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষের সময় ব্রিজেশের ছোড়া গুলি উত্তর প্রদেশ এটিএস-এর ডেপুটি এসপি বিপুল রাই এবং হেড কনস্টেবল নিতেন্দ্র কৃষ্ণের বুলেটপ্রুফ জ্যাকেটে গিয়ে লাগে। বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় দু’জন পুলিশকর্মীই অল্পের জন্য রক্ষা পান এবং সম্পূর্ণ অক্ষত রয়েছেন। পাল্টা গুলিতে গুরুতর জখম হয় ব্রিজেশ গঞ্জু। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের নিষিদ্ধ নকশাল সংগঠন ‘তৃতীয় প্রস্তুতি কমিটি’-র প্রধান ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র খাতাতেও সে ওয়ান্টেড ছিল। ব্রিজেশকে জীবিত বা মৃত ধরার জন্য ঝাড়খণ্ড সরকার ২৫ লক্ষ টাকা এবং এনআইএ ৫ লক্ষ টাকা—সর্বমোট ৩০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল।

