পঞ্জাবে বড় ধাক্কা এএপি-র, পদত্যাগী তিন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

নয়াদিল্লি : পঞ্জাবে আসন্ন ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় রাজনৈতিক ভাঙনের মুখে পড়ল শাসক দল আম আদমি পার্টি (এএপি)। সম্প্রতি দল ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া পঞ্জাবের তিন প্রভাবশালী নেতা তথা বিধায়ক—কুনওয়ার বিজয় প্রতাপ সিং, হরমিত সিং পাঠানমাজরা এবং চেতন সিং জৌরামাজরা আনুষ্ঠানিকভাবে সোমবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। সোমবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তাঁরা গেরুয়া পতাকা হাতে তুলে নেন।

বিজেপিতে যোগদানের পর অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান সরকারের তীব্র সমালোচনা করে হরমিত সিং পাঠানমাজরা বলেন, “আম আদমি পার্টি যখন প্রথম পঞ্জাবে এসেছিল, তখন তারা অত্যন্ত আকর্ষণীয় এক রূপরেখা তুলে ধরেছিল। সেই সব প্রতিশ্রুতি ও চিন্তাভাবনার ওপর ভর করেই এত বড় রাজনৈতিক কাঠামোর মধ্যেও এএপি সরকার গঠন করতে পেরেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যারা পাঞ্জাবের স্বার্থে মুখ খুলেছেন, রাজ্যের অধিকারের পক্ষে সওয়াল করেছেন—তাঁদের ডানা ছাঁটা শুরু হয়।”

পঞ্জাবের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “এখন পঞ্জাবকে প্রায়শই ‘উড়তা পঞ্জাব’ হিসেবে চিহ্নিত করা হয়, অথচ আমরা প্রত্যেকেই একে একটি ‘উভর্তা পঞ্জাব’ (উন্নত ও বিকাশশীল রাজ্য)-এ রূপান্তরিত করতে চেয়েছিলাম। এএপি এখন রাজ্যটিকে এক গভীর অন্ধকারের চোরাবালিতে ঠেলে দিয়েছে। অতীতের যে কোনও সরকারের তুলনায় আম আদমি পার্টি সবচেয়ে বেশি ঋণ নিয়ে পঞ্জাবকে এক চরম সংকটজনক ও শোচনীয় পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে।”

উল্লেখ্য, অমৃতসর উত্তরের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস কুনওয়ার বিজয় প্রতাপ সিংয়ের সঙ্গে সামানা ও সনৌর কেন্দ্রের বিধায়কদের এই দলবদল পঞ্জাবের রাজ্য রাজনীতিতে বিজেপির সংগঠনকে এক ধাক্কায় অনেকটাই মজবুত করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =