ভোপাল : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বহুল চর্চিত অভিনেত্রী ত্বিশা শর্মা মৃত্যু মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বৃহস্পতিবার বড় পদক্ষেপ করেছে। তারা মৃতার শাশুড়ি ও অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিং-কে গ্রেফতার করেছে। তাঁকে বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে।
সূত্রের খবর, মধ্যপ্রদেশ হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করার পরদিনই বৃহস্পতিবার সকালে সিবিআই দল তাঁর ভোপালের কাটারা হিলসের বাসভবনে পৌঁছয়। এরপর প্রায় সাত ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। শেষে বিকেল ৫:১০ মিনিটে তাঁকে গ্রেফতার করা হয়। পরে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা বাগসেভনিয়া থানার টিআই অমিত সোনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া ও মেডিক্যাল পরীক্ষার পর আজই অভিযুক্ত প্রাক্তন বিচারককে আদালতে পেশ করা হবে। গ্রেফতারকে কেন্দ্র করে কাটারা হিলস ও বাগসেভনিয়া এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা এবং ব্যারিকেড বসানো হয়েছে।
তদন্ত চলাকালীন সিবিআই ডিজিটাল ফরেনসিক প্রমাণ সংগ্রহে বিশেষ গুরুত্ব দেয়। গিরিবালা সিং-এর বাড়ি ও পুরো প্রাঙ্গণ ৩৬০ ডিগ্রি হাই-ইন্টেনসিটি থ্রি-ডি ক্যামেরায় রেকর্ড করা হয়। পাশাপাশি ঘটনাস্থলের ভৌগোলিক অবস্থান ও আশপাশের বাড়ি থেকে দৃশ্যমানতা প্রযুক্তিগতভাবে বিশ্লেষণ করা হয়েছে, যাতে বোঝা যায় ঘটনাস্থল পাশের বাড়ির ছাদ, জানালা বা বারান্দা থেকে দেখা যায় কি না।
উল্লেখ্য, বুধবার মধ্যপ্রদেশ হাইকোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে গিরিবালা সিং-এর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। আদালত তার ১৭ পাতার রায়ে জানায়, মৃতার শরীরে পাওয়া সন্দেহজনক আঘাত এবং মামলার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে মুক্তি দেওয়া যথাযথ নয়।
এই মামলায় ত্বিশার স্বামী সমর্থ সিং আগেই গ্রেফতার হয়েছেন এবং তিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ১২ মে রাতে কাটারা হিলসের শ্বশুরবাড়িতে ত্বিশা শর্মার দেহ সন্দেহজনক অবস্থায় উদ্ধার হয়েছিল। পরে ২৪ মে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এমস)-এর দল পুনরায় ময়নাতদন্ত করে। বর্তমানে মামলার তদন্ত সিবিআই-এর হাতে রয়েছে।

