জয়ে ফিরলেও ইস্টবেঙ্গল শিবিরের পরিবেশ থমথমে। আইএসএলের গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন নাওরেম মহেশ সিং। ভারতীয় মিডফিল্ডারের ছিটকে যাওয়া বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচেই চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকেই আশঙ্কা ছিল চোট গুরুতর। সেই আশঙ্কাই সত্যি হল। কলকাতায় ফেরার পর সোমবার থেকে বেঙ্গালুরু এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। কিন্তু সোমবার অনুশীলনে ছিলেন না চোট পাওয়া মহেশ। মঙ্গলবার মহেশের স্ক্যান রিপোর্ট প্রকাশ্যে আসার পরই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, মহেশকে গোটা মরশুম পাওয়া যাবে না।
রবিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয়ের পর সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান। বাগান ফুটবলাররা এখন অনেকটাই খোশমেজাজে রয়েছেন। তবে চোট আঘাত নিয়ে কোচ সের্জিও লোবেরার চিন্তা এখনই দূর হচ্ছে না। সোমবার আলবার্তো রড্রিগেজ এবং আপুইয়া ছাড়া প্রত্যেকেই অনুশীলন করেছেন।
মঙ্গলবার থেকে সাইডলাইনে রিহ্যাব শুরু করলেন আপুইয়া। এছাড়াও আশিস রাইয়ের পাশাপাশি সাইডলাইনে দেখা গেল অনিরুদ্ধ থাপা ও অভিষেক সিং টেকচামকেও। তবে অভিষেক এবং থাপা সুস্থ আছেন। এদিন বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। ৪৫ মিনিট অনুশীলন করল গোটা দল। এদিনও আলবার্তো রড্রিগেজ অনুশীলন করলেন না। মাঠ ছাড়ার সময় স্ক্র্যাচ হাতে বেরোলেন তিনি। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দলের সঙ্গে গুয়াহাটি যাবেন না এই স্প্যানিশ ডিফেন্ডার। এছাড়াও আপুইয়ারও গুয়াহাটি না যাওয়ার সম্ভাবনা বেশি।

