সুরুচি সংঘকে জমি খালি করার নোটিশ পাঠাল এলআইসি

কলকাতা : শহরের অন্যতম বিখ্যাত দুর্গাপূজা উদ্যোক্তা সুরুচি সংঘ ক্লাবকে অবিলম্বে জমি খালি করার নোটিশ পাঠাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)। ভারতীয় জীবন বিমা নিগমের অভিযোগ, ক্লাবটি তাদের প্রায় ২১ কাঠা জমি দখল করে বছরের পর বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছে।

নিগমের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে জমি খালি করতে হবে, অন্যথায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই সংক্রান্ত নোটিশটি ক্লাব চত্বরের দেওয়ালেও সেঁটে দেওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গেছে, নিউ আলিপুর এলাকায় প্রতি বছর জমকালো দুর্গাপূজার আয়োজন করা সুরুচি সংঘ দীর্ঘদিন ধরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের সঙ্গে যুক্ত। সাধারণ মানুষের কাছে এই পূজা ‘বিশ্বাস ভাইদের’ পূজা রূপেও পরিচিত। স্বরূপ বিশ্বাস এই ক্লাবের সম্পাদক ছিলেন এবং বর্তমানে তিনি জেলে রয়েছেন।

ভারতীয় জীবন বিমা নিগমের অভিযোগ, যে জমিতে বছরের পর বছর ধরে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, সেটি আসলে তাদের সম্পত্তি। এই বিষয়ে একাধিকবার ক্লাব কর্তৃপক্ষের কাছে জমি ফেরত চাওয়া হলেও কোনও রফাসূত্র মেলেনি। এর পর নিগমের তরফে আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এবার জমি খালি করার জন্য আনুষ্ঠানিক নোটিশ জারি করা হলো।

উল্লেখ্য, কলকাতার প্রধান প্রধান বারোয়ারি দুর্গাপূজাগুলির মধ্যে সুরুচি সংঘের নাম প্রথম সারিতেই আসে। গত বেশ কয়েক বছর ধরে এই পূজার উদ্বোধন করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পূজায় রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি সবসময়ই চর্চার বিষয় হয়ে থাকে।

সাম্প্রতিক মাসগুলিতে সুরুচি সংঘকে কেন্দ্র করে একাধিক বিতর্ক সামনে এসেছে। ক্লাবে দুর্নীতি ও অন্যান্য অনিয়মের অভিযোগ উঠেছিল। এক মহিলা রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর ক্লাব চত্বরে ভাঙচুর এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনাও সামনে এসেছিল। এবার ভারতীয় জীবন বিমা নিগমের জমি খালি করার নোটিশ এই বিতর্ককে এক নতুন মোড় দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =