◆ প্রচারে ঝড় তুললেন অর্জুন সিং, নোয়াপাড়ায় জনজোয়ারে ভাসছে বিজেপি শিবির
নোয়াপাড়া : বাড়তে থাকা গরমের সঙ্গে সঙ্গে চড়ছে রাজ্যের রাজনৈতিক পারদ। এই আবহেই বৃহস্পতিবার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র জুড়ে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সকাল থেকেই একের পর এক কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত জনসংযোগে ঝাঁপিয়ে পড়েন তিনি। রামনবমী উপলক্ষে কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন সিং।
এরপর বীজপুর বিধানসভার অন্তর্গত আরও দুটি পূজামণ্ডপেও গিয়ে সাধারণ মানুষের সঙ্গে উৎসব উদযাপন করেন তিনি। তাঁর উপস্থিতিতে বিভিন্ন জায়গায় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নোয়াপাড়া জুড়ে প্রচারের ছবিও প্রায় একই। যেখানেই যাচ্ছেন, সেখানেই ভিড় উপচে পড়ছে। জনসংযোগ কর্মসূচিতে ব্যাপক মানুষের অংশগ্রহণে উৎসবের আবহ তৈরি হয়েছে।
স্থানীয়দের একাংশের মতে, “কাছের মানুষ, কাজের মানুষ” হিসেবে অর্জুন সিংকে বিধানসভায় দেখতে চান তাঁরা।
প্রচারের মাঝেই রাজনৈতিক আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “তিনি মানুষের বিশ্বাস হারিয়েছেন। এখন বলছেন ভবানীপুরে ১ ভোটে হলেও জিতবেন, কিন্তু শুনে রাখুন—৩০ হাজার ভোটে হারবেন।” পাশাপাশি রাজ্যে আগামী দিনে পদ্ম শিবির ক্ষমতায় আসবে বলেও দাবি করেন তিনি।
তিলোত্তমার মায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে পানিহাটি কেন্দ্র থেকেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শোনায় তাঁকে। একইসঙ্গে ‘তিলোত্তমার মা’-এর নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্তকে সমর্থন জানান অর্জুন সিং। প্রচারের ফাঁকেই তিনি দাবি করেন, বাংলার মানুষ এখন পরিবর্তনের আশায় উজ্জীবিত। ভোটের ময়দানে নেমে শুরু থেকেই এগিয়ে থেকে জয়ের ট্রফি নিজেদের দখলে নিতে চান বলেও স্পষ্ট বার্তা দেন বিজেপি প্রার্থী।

