২২ বছর পর ইস্টবেঙ্গলকে ট্রফি জেতালেন কোচ অস্কার ব্রুঁজো। তবে এর আগেও হারতে থাকা ইস্টবেঙ্গল দলকে এক কোচ খাদের কিনারা থেকে তুলে ট্রফি জিতিয়েছিলেন। তিনি কার্লেস কুয়াদ্রাত। আর এক স্প্যানিশ কোচ, তাকে বদল করেই লাল-হলুদ কোচের হটসিটে বসেছিলেন অস্কার ব্রুঁজো। ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পর অস্কার ব্রুজোঁ ও গোটা দলকে অভিনন্দনও জানালেন কার্লেস কুয়াদ্রাত। এই জয় তাকেও তৃপ্তি দিয়েছে বলে জানালেন লাল-হলুদের প্রাক্তন কোচ। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল দলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিলেন কুয়াদ্রাত।
শুধু দলের ফুটবলার ও কোচ অস্কার ব্রুঁজোই নন, এই দল এবং ম্যানেজমেন্টের অনেকের সঙ্গেই এখনও ভালো সম্পর্ক রয়েছে কুয়াদ্রাতের। তাদের সঙ্গেও যোগাযোগ করে কুয়াদ্রাত শুভেচ্ছা জানান। তাঁর কথায়, “আমি খুব খুশি সমর্থক ও দলের সঙ্গে যুক্ত সদস্যদের জন্য। আমি ব্যক্তিগত ভাবে ফোন করেও অভিনন্দন জানাবো।” এদিকে ইমামি ম্যানেজমেন্ট সম্ভবত আগামী মরশুমেও অস্কার ব্রুঁজোর উপর ভরসা রাখতে পারেন। ২২ বছর আগে লাল-হলুদকে জাতীয় লিগ চ্যাম্পিয়ন করেছিলেন প্রয়াত সুভাষ ভৌমিক। সেই কোচকে এখনও মিস করেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, “সুভাষ ভৌমিককে প্রতিদিনই মিস করি, শুধু আজ নয়।”

