ডেম্পোকে হারিয়ে স্বস্তিতে কিবুর দল

ইন্ডিয়ান ফুটবল লিগে ডেম্পো স্পোর্টিংয়ের বিরুদ্ধে ২-১ গোলের ব্যবধানে জয় পেল ডায়মন্ড হারবার এফসি। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ডায়মন্ড হারবার এফসির হয়ে গোল করেন বিদেশি অ্যান্টোনিও মোয়ানো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মার্কাস জোসেফের গোলে সমতায় ফেরে ডেম্পো। কিন্তু ৭০ মিনিটে দলের নবাগত বিদেশি হুগো ডিয়াজ রদ্রিগেজের গোলে ফের এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি। শেষমেশ জয় পেয়ে কল্যাণী স্টেডিয়াম ছাড়ে কিবু ভিকুনার দল।
প্রথম ম্যাচে শ্রীনিধী ডেকানের বিরুদ্ধে হেরে খানিকটা পিছিয়ে ছিল জবি জাস্টিনরা। এদিন জয়ের পর স্বস্তি ডায়মন্ড হারবার শিবিরে। রবিবার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডায়মন্ড কোচ কিবু ভিকুনা দলে দুটি পরিবর্তন করেন হুগো দিয়াজ এবং হলিভরণ নার্জারিকে প্রথম একাদশে খেলান ব্রাইস মিরান্ডা এবং পিন্টু মাহাতোর জায়গায়। ডেম্পোর কোচ সমীর নায়েকও তিনটি পরিবর্তন করে মাঠে নামেন। জোসে মোরেনো, অময় মরাজকর এবং বাউম শুরু করেন ভেইরি কোলাসো, রিচমন্ড এবং ডোঙ্গেলের জায়গায়। প্রথম ১০ মিনিট ডেম্পো ভালো শুরু করে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে স্প্যানিশ মিডফিল্ডার মোয়ানোর ১-০ গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। ৫৫ মিনিটে ডায়মন্ডের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করে দলকে সমতায় ফেরান ডেম্পোর মার্কাস জোসেফ। ৭০ মিনিটে ব্রাইস মিরান্ডা বক্সের ভিতর একটি দুর্দান্ত পাস বাড়িয়ে দেন। বল পেয়ে হুগো দিয়াজ গোল করেন। ৭৬ মিনিটে প্রায় ২-২ করে দিচ্ছিল ডেম্পো। জোসেফের শট বারপোস্টে লেগে ফিরে আসে। ডায়মন্ড হারবার ২-১ গোলের ব্যবধানে জয় পেয়ে মাঠ ছাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =