ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন কেভিন

টানা তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করেছে মোহনবাগান। অন্যদিকে ভালো শুরু করেও তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে হেরে জয়ের হ্যাটট্রিকে বাধা পড়েছে ইস্টবেঙ্গলের। তিন ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে সবুজ মেরুন ব্রিগেড। লাল-হলুদ ব্রিগেড রয়েছে দ্বিতীয় স্থানে। মহামেডান স্পোর্টিংকে পাঁচ গোল দিলেও আত্মতুষ্টির কোনও জায়গা রাখছেন না বাগান কোচ সের্জিও লোবেরা। পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ তাঁর প্রাক্তন দল ওড়িশা এফসি। পুরনো দলের বিরুদ্ধে খেলতে নামার আগে আবেগপ্রবণ তিনি। পাশাপাশি রবসনের চোট নিয়ে জানা গেল, তিনি পুরোপুরি ফিট রয়েছেন। সোমবার ছুটি ছিল বাগান অনুশীলনে, আবারও মঙ্গলবার অনুশীলনে নামবেন দিমি-কামিন্সরা।
অন্যদিকে চোট আঘাত যেন পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গল শিবিরের। সোমবার অনুশীলনে যোগ দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিল্লে। স্পেন থেকে হ্যামস্ট্রিং চোটের চিকিৎসা করে কলকাতায় ফিরলেন তিনি। তবে এখনই কেভিনের ম্যাচ ফিট হওয়ার কোনও সম্ভাবনা নেই। এদিন অনুশীলনের পুরো সময়টা সাইডলাইনেই কাটালেন তিনি। হালকা রিহ্যাব ও সাইক্লিং করলেন। লাল-হলুদ অধিনায়ক স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেস্পোর চোট নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে। সোমবারও দলের সঙ্গে অনুশীলন করলেন না তিনি। পুরোটাই মাঠের সাইডলাইন জুড়ে দৌড়ে কাটালেন। সম্পূর্ণ রূপে ফিট রয়েছেন নাওরেম মহেশ সিং এবং মিগুয়েল ফিগুয়েরা। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে দুজনেরই প্রথম একাদশে শুরু করার সম্ভাবনা প্রবল। সসম্ভবত নবাগত বিদেশি অ্যান্টন সোজবার্গকে প্রথম একাদশে নামাবেন না অস্কার। তার বদলে খেলতে পারেন মহেশ। ডিফেন্সে জয় গুপ্তার জায়গায় দলে আসতে পারেন মহম্মদ রাকিপ। সেক্ষেত্রে লেফট ব্যাকে লালচুংনুঙ্গা ও রাইট ব্যাকে রাকিপ খেলবেন। বুধবার মহেশের জন্মদিন, এদিন আগাম কেক কেটে সমর্থকরা তাঁর জন্মদিন পালন করল। অনুশীলন শেষে লাল-হলুদ আবির দিয়ে দোলও খেললেন ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twelve =