ইস্টবেঙ্গল মহিলা দলে এলেন জাপানের অভিজ্ঞ ফুটবলার হিতোমি তানাকা। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের আগে রক্ষণভাগ আরও শক্ত করতেই এই গুরুত্বপূর্ণ সংযোজন লাল-হলুদ শিবিরের। ভারতীয় মহিলা ফুটবলে এই সইয়ের সঙ্গে তৈরি হল নতুন ইতিহাসও। তানাকাই প্রথম জাপানি মহিলা ফুটবলার, যিনি কোনও ভারতীয় ক্লাবের হয়ে খেলতে চলেছেন।
এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-তে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে ইস্টবেঙ্গলকে। কলকাতায় ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে হবে গ্রুপ পর্বের ম্যাচ। প্রতিপক্ষ ভিয়েতনামের হো চি মিন সিটি, দক্ষিণ কোরিয়ার হোয়াচন কেএসপিও এবং উত্তর কোরিয়ার ৪.২৫ এসসি। এমন গুরুত্বপূর্ণ মঞ্চে নামার আগে তানাকার অভিজ্ঞতাকে বড় সম্পদ হিসেবেই দেখছে ইস্টবেঙ্গল।
জাপানের ইয়োকোহামায় জন্ম তানাকার প্রধান পজিশন রক্ষণভাগ। তবে মাঝমাঠেও খেলতে পারেন তিনি। ইউরোপের ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নেদারল্যান্ডসের হেরা ইউনাইটেডের হয়ে খেলার আগে স্পেনের বিভিন্ন ক্লাবে ৬ বছর কাটিয়েছেন তানাকা। সিডি আলবা, কর্দোবা, সিডি সান্তা তেরেসা, কাসেরেনিও, এসই এইএম এবং স্পোর্টিং ক্লাব দে হুয়েলভাও তাঁর ফুটবলজীবনের অংশ।
ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ মনে করছেন, তানাকার আগমনে শুধু রক্ষণই মজবুত হবে না, দলের সামগ্রিক ভারসাম্যও বাড়বে। অভিজ্ঞ এই ফুটবলারের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ম্যাচের পরিস্থিতি বোঝার দক্ষতা তরুণ খেলোয়াড়দেরও সাহায্য করবে বলে তাঁর আশা। এএফসি-র মতো বড় মঞ্চে তানাকার অভিজ্ঞতা দলের কাজে আসবে বলেও জানিয়েছেন কোচ।
নতুন ক্লাবে যোগ দিয়ে তানাকাও উচ্ছ্বসিত। ইস্টবেঙ্গলের দীর্ঘ ঐতিহ্য এবং আবেগপ্রবণ সমর্থকদের কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই ক্লাবের হয়ে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ তাঁর কাছে অত্যন্ত সম্মানের। দলের সাফল্যের জন্য নিজের সর্বস্ব দিয়ে লড়াই করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
তবে মাঠে নামার আগে তানাকার খেলোয়াড়ি নিবন্ধনের নিয়মকানুনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া বাকি। সবুজ সংকেত মিললেই নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে ইস্টবেঙ্গল মহিলা দল।

