জামুই (বিহার) : বিহারের জামুইয়ে এক নাবালক ছাত্র ও ছাত্রীকে পথ আটকে চরম হেনস্থা, শ্লীলতাহানি এবং সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামুই শহরের রাজপথে নেমে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। মঙ্গলবার এই বিক্ষোভ চলাকালে এবিভিপি নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন।
ছাত্র সংগঠনের দাবি, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং জামিন-অযোগ্য ধারায় কড়া আইনি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে নাবালকদের পরিচয় ও গোপনীয়তা লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার দাবি জানানো হয়।
জানা গিয়েছে, স্থানীয় একটি কোচিং থেকে স্কুটারে ফেরার পথে জামুই–লখিসরাই সড়কের কাছে কিছু দুষ্কৃতী ওই ছাত্র-ছাত্রীকে পথ আটকায়। তাদের ওপর শারীরিক নিগ্রহ চালানো হয়, ছাত্রীর শ্লীলতাহানি করা হয় এবং জোরপূর্বক ক্ষমা চাওয়ানো হয়। পুরো ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। পুলিশ ইতিপূর্বে ঘটনার তদন্ত শুরু করে কয়েকজনকে গ্রেফতার করেছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

