কলকাতা : কলকাতার কালীঘাটে ঘটে যাওয়া ব্যাপক হাঙ্গামা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশকর্মীদের সঙ্গে কুরুচিকর আচরণ ও মারধরের ঘটনাটির তদন্তভার আনুষ্ঠানিকভাবে দেওয়া হলো লালবাজারের গোয়েন্দা বিভাগ বা ডিটেকটিভ ডিপার্টমেন্টের (ডিডি) হাতে। শুক্রবার রাতের ওই ঘটনার পর ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করানো হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদ্যাপনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট এলাকা। সেই সময় স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা, হাতাহাতি ও মারধরের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি ও হেনস্তা করার গুরুতর অভিযোগ ওঠে।
শুক্রবার রাতের ওই বিশৃঙ্খলার ঘটনায় মোট চারটি পৃথক মামলা রুজু করা হয়েছে কালীঘাট থানায়। যার মধ্যে দুটি মামলা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে রুজু করে। এছাড়া গুড়িয়া হাড়ি নামক এক স্থানীয় মহিলার অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও অপর একটি অভিযোগে ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম—মহম্মদ তৌকির আলম, মহম্মদ ইরশাদ এবং শ্রীদীপ দাস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ধৃত তিনজনই তাঁদের দলের কর্মী বা সমর্থক। এর মধ্যে শ্রীদীপ দাসকে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলার ভিত্তিতে গ্রেপ্তার করেছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
গত রবিবার ধৃত তিনজনকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশি হেফাজতের মেয়াদ চলাকালীন মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে তিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ঘটনার দিন ঠিক কী কী ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে পুরো ঘটনার দৃশ্যগত পুনর্নির্মাণ করা হয়। লালবাজারের গোয়েন্দারা এই ঘটনায় আরও কারা জড়িত এবং নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

